© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পুরো নৌবাহিনীই এখন সমুদ্রের নিচে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের পুরো নৌবাহিনীই এখন সমুদ্রের নিচে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' সংবাদপত্রে প্রকাশিত একটি কলামের কড়া সমালোচনা করেছেন। ওই নিবন্ধে দাবি করা হয়েছিল, ইরানের নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে 'বোকা' ভাবছে। এর জবাবে ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে দাবি করেছেন, তিনি ইরানকে কার্যত একটি 'জরাজীর্ণ' দেশে পরিণত করেছেন।

ট্রাম্প তার পোস্টে বলেন, বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে গত ৪৭ বছর ধরে তেহরান প্রতিটি মার্কিন প্রেসিডেন্টের সুযোগ নিয়েছে। এর বিপরীতে তিনি ইরানকে কী দিয়েছেন, এমন প্রশ্ন তুলে নিজেই জবাব দেন, 'একটি জরাজীর্ণ দেশ!'

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের এক দীর্ঘ দাবি তুলে ধরেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের পুরো নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে অবস্থান করছে, তাদের কোনো বিমানবাহিনী অবশিষ্ট নেই, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডারগুলো ধ্বংস হয়ে গেছে এবং তাদের পরমাণু গবেষণাগার ও গুদামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

সামরিক ধ্বংসযজ্ঞের পাশাপাশি অর্থনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে দেশটি প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসানের সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে দাবি করে আসছেন যে, ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। প্রাপ্ত তথ্যমতে, ইরানি সামরিক বাহিনী এখনও তাদের আক্রমণ অব্যাহত রেখেছে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখতে সক্ষম হয়েছে।

সূত্র: আলজাজিরা
এসএস/এসএন

মন্তব্য করুন