হরমুজ প্রণালি খুলতে লন্ডনে ৩০ দেশের বৈঠক আজ
ছবি: সংগৃহীত
০৯:৪১ এএম | ২২ এপ্রিল, ২০২৬
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মুক্ত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছে ৩০টিরও বেশি দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকটি চলবে দুই দিনব্যাপী। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ এবং পদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। গত সপ্তাহে এক ডজনেরও বেশি দেশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা এই প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন মিশনে যোগ দিতে ইচ্ছুক।
ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সমর্থনে এগিয়ে না আসায় সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছিলেন যে, তার আর মিত্রের প্রয়োজন নেই। ট্রাম্পের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনকে বার্তা দিতে গত সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে, যেখানে ৫০টি দেশ অংশ নেয়।
লন্ডনের এই দুই দিনব্যাপী বৈঠক মূলত সেই কনফারেন্সেরই ফলাফল বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, 'আমাদের প্রধান কাজ হলো হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে একটি যৌথ পরিকল্পনায় রূপান্তর করা।'
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানি সংকট তীব্রতর হয়েছে। এই সংকট নিরসনে লন্ডনের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএস/এসএন