© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে আইনজীবীদের বিক্ষোভ

শেয়ার করুন:
ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে আইনজীবীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

আজ বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবীরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে নিয়মিত (শারীরিক উপস্থিতিতে) আদালত চালুর দাবি জানিয়েছেন বিক্ষোভকারী আইনজীবীরা। তারা জানান, ভার্চুয়াল কোর্টের কারণে মামলার বিচার প্রক্রিয়া ধীর হবে এবং সাধারণ বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

তারা এ-ও যুক্তি দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে যেখানে বলা হচ্ছে, দেশে কোনো বড় জ্বালানিসংকট নেই, সেখানে আদালতের কার্যক্রম সীমিত করা অসামঞ্জস্যপূর্ণ।

আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানিতে মক্কেলদের পক্ষে যথাযথভাবে আইনি যুক্তি ও নথিপত্র উপস্থাপন করতে বিভিন্ন কারিগরি ও ব্যাবহারিক সমস্যার সম্মুখীন হতে হয়।

সেই পরিপ্রেক্ষিতে সাধারণ আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা স্লোগান দেন, ‘আইনজীবী জনতা, গড়ে তোলো একতা’, ‘ভার্চুয়াল না একচ্যুয়াল, একচ্যুয়াল একচ্যুয়াল’।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক নোটিশে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ২১ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার থেকেই রাজপথে সরব রয়েছেন আইনজীবীরা।

কেএন/এসএন

মন্তব্য করুন