© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে পড়ায় পানামা খালে বেড়েছে জাহাজ খরচ

শেয়ার করুন:
হরমুজ প্রণালি বন্ধ হয়ে পড়ায় পানামা খালে বেড়েছে জাহাজ খরচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যে নতুন চাপ তৈরি হয়েছে। এর ফলে বিকল্প পথ হিসেবে পানামা খালের ব্যবহার বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ দীর্ঘ অপেক্ষা এড়াতে প্রায় ৪০ লাখ ডলার অতিরিক্ত অর্থ দিয়েছে। সাধারণত পানামা খাল দিয়ে যেতে জাহাজগুলোকে প্রায় পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হতো। ফলে এশিয়ার অনেক দেশ এখন উপসাগরীয় অঞ্চলের বদলে যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস আমদানি করে পানামা খাল ব্যবহার করছে।

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, খাল দিয়ে প্রতিদিন জাহাজ চলাচল মোটামুটি স্থিতিশীল থাকলেও চাহিদা বেড়েছে। জানুয়ারিতে দৈনিক ৩৪টি জাহাজ চলাচল করলেও মার্চে তা বেড়ে ৩৭টিতে পৌঁছেছে। কোনো কোনো দিনে ৪০টির বেশি জাহাজও চলাচল করেছে।

খাল ব্যবহারের জন্য সাধারণত আগে থেকেই সময় বুকিং করতে হয়। তবে জরুরি ভিত্তিতে দ্রুত পার হতে চাইলে অতিরিক্ত অর্থ দিয়ে সুযোগ নেওয়া যায়। সাম্প্রতিক নিলামে একটি এলএনজি জাহাজ ৪০ লাখ ডলার পর্যন্ত দর দিয়েছে। এছাড়া কয়েকটি তেলবাহী জাহাজ ৩০ লাখ ডলারের বেশি দর দিয়েছে।

আগে যেখানে গড় নিলাম মূল্য ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার, সেখানে এখন তা বেড়ে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ডলারে পৌঁছেছে। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ এই পানামা খাল দিয়ে হয়। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলকে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সংযুক্ত করে একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে পানামা খাল দিয়ে ৬ হাজার ২৮৮টি জাহাজ চলাচল করেছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি।

আরআই/ এসএন

মন্তব্য করুন