১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে হাফিজুর রহমান
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আটক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই, আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন। গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চান। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা মামলার তদন্ত করেছেন।
এমআর/টিকে