অস্ট্রেলিয়ায় যাচ্ছে না মালয়েশিয়ার নিজস্ব ডিজেল
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
অস্ট্রেলিয়ায় পাঠানো ২০০ মিলিয়ন লিটার ডিজেল মালয়েশিয়ার নিজস্ব মজুদ বা সম্পদ নয় বলে স্পষ্টভাবে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জ্বালানি মূলত একটি আন্তর্জাতিক কোম্পানির মালিকানাধীন, যারা মালয়েশিয়াকে কেবল তাদের বাণিজ্যিক স্টোরেজ হাব (গুদাম) হিসেবে ব্যবহার করছে।
পিএমও ব্যাখ্যা করেছে যে, এর আগে ফিলিপাইনের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল; মূলত বিদেশি কোম্পানিগুলো অন্য দেশ থেকে ডিজেল কিনে মালয়েশিয়ার সংরক্ষণাগারে জমা রাখে এবং পরে তা বিভিন্ন দেশে সরবরাহ করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ভিভা এনার্জি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) অস্ট্রেলিয়ার মধ্যে একটি বাণিজ্যিক চুক্তির অধীনে এই জ্বালানি বিক্রি করা হচ্ছে। যেহেতু পণ্যবাহী জাহাজটি মালয়েশিয়ার বন্দর থেকে জ্বালানি সংগ্রহ করেছে, তাই কাগজপত্রে 'মালয়েশিয়া থেকে আসছে' বলে উল্লেখ করা হয়েছে। তবে এই ডিজেল মালয়েশিয়ার মাটি থেকে উত্তোলন করা হয়নি। সরকার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাস দেশের জ্বালানি সম্পদ বিক্রি করে দিচ্ছে না বলেও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেছে পিএমও।
গত বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছিলেন, তার দেশে অতিরিক্ত ২০০ মিলিয়ন লিটার ডিজেল পাঠানো হচ্ছে, যার একটি অংশ মালয়েশিয়া থেকে আসছে। অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনও জানান যে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই জ্বালানি অস্ট্রেলিয়ায় পৌঁছাবে। এই খবরের প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক ফাহমি ফাদজিলও নিশ্চিত করেছেন যে, আলোচিত ডিজেলটি মূলত বিপির মালিকানাধীন, যারা মালয়েশিয়ার জলসীমায় একটি বিশাল স্টোরেজ সুবিধা পরিচালনা করে।
সূত্র: দ্য স্টার
এবি/টিএ