শিবিরকে ‘জুনিয়র রাজাকার’ আখ্যা, থামানোর আহ্বান রাবি ছাত্রদল সভাপতির
ছবি: সংগৃহীত
০২:৫৭ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
শিবিরকে ‘জুনিয়র রাজাকার’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের কার্যক্রম থামানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা সংগঠনের সভাপতি সুলতান আহমেদ রাহী ছাত্রশিবিরকে উদ্দেশ করে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মানুষকে প্রতারণা, ধর্ষণ ও হত্যার জন্য একদলকে বাংলাদেশ থেকে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছি। সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এসো, নাহলে তোমাদেরকেও লাথি দিয়ে পাকিস্তানে ফেলে দেওয়া হবে।’
কর্মসূচিতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীদের নেতাদের সিনিয়র রাজাকার এবং ছাত্রশিবিরকে জুনিয়র রাজাকার আখ্যা দিয়ে বলেন, ‘আপনারা অনতিবিলম্বে জুনিয়র রাজাকারদের থামান। যদি এদেরকে থামাতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজ এসব জুনিয়র রাজাকারকে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠাঁই দিবে না।
এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর বিরোধীদলসহ সকল দলকে নিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ বিরোধী যাদের কোনো নিজস্ব পরিচয় নাই তারা বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে উঠে পরে লেগেছে।’
এসময় তিনি ছাত্রশিবিরকে ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মা’ অ্যাখা দিয়ে বলেন, ‘আইন-শৃঙ্খলার ব্যাঘাত ঘটালে শুধুমাত্র রাবি ক্যাম্পাস নয় বরং বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই এদের স্থান হবে না।’
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা, ‘গুপ্ত রাজনীতি; চলবে না, চলবে না’, ‘শিবিরের চামড়া, তুলে নিব আমরা’, ‘সন্ত্রাস, সন্ত্রাস; জামাত-শিবির সন্ত্রাস’, ‘আমার ভাই আহত কেন, চুম্মা শফিক জবাব দে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মূহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘জামায়াত-শিবির, জামায়াত-শিবির; গুপ্ত গুপ্ত’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১১টায় ঈশ্বরদী সরকারী কলেজে শিবির-ছাত্রদলের মাঝে দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া ছাত্রদলের একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগও ওঠে।
ইউটি/টিএ