© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাঁস হওয়া পেন্টাগন ই-মেইলইরান যুদ্ধে সমর্থন না দিলে ফকল্যান্ড ইস্যুতে ব্রিটেনকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ইরান যুদ্ধে সমর্থন না দিলে ফকল্যান্ড ইস্যুতে ব্রিটেনকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে উঠে এসেছে এমন তথ্য।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

এতে বলা হয়, গোপন ওই মেমোতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ন্যাটো মিত্রদের প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে কিছু মিত্র দেশের অনীহা বা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপে সমর্থন না দেওয়ায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়।

মেমোতে ইউরোপীয় 'ঔপনিবেশিক সম্পদ' হিসেবে উল্লেখ করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটেনের দীর্ঘদিনের কূটনৈতিক সমর্থন ফের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্য প্রশাসনের অধীনে থাকলেও আর্জেন্টিনা এর দাবি করে আসছে।

এছাড়া স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে স্থগিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্পেন সরকার জানিয়েছিল, তারা ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে এমন কার্যকর বিকল্প দেওয়া হবে, যাতে যুক্তরাষ্ট্রের মিত্ররা শুধু 'কাগুজে বাঘ' না থেকে নিজেদের দায়িত্ব পালন করে। এর আগে, ট্রাম্প একাধিকবার ন্যাটোকে 'পেপার টাইগার' বলে সমালোচনা করেন এবং জোট থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার হুমকিও দেন। তিনি অভিযোগ করেন, সংকটের সময়ে ন্যাটো সদস্যরা ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি।

এবি/টিএ

মন্তব্য করুন