সুপ্রিম কোর্টের আইনজীবী‘সরকার যেভাবে চলছে, মনে হয় না ছয় মাসও আয়ু আছে’
ছবি: সংগৃহীত
০৮:৫৪ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের সভাপতি এএসএম শাহরিয়ার কবির বলেছেন, শিবিরের গোড়ালি কেটে ফেলে দেওয়া হয়নি; বাংলাদেশের গোড়ালি কেটে ফেলার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামে আমার এক ভাইয়ের পায়ের গোড়ালি রামদা দিয়ে কেটে ফেলা হয়েছে- ওটা শিবিরের নয়, বাংলাদেশের গোড়ালি।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা আয়োজিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, “আজ তেলের অভাব, সামনে কৃষক সার পাবেন না- তাহলে ধান হবে কীভাবে? গতকাল রাতে দেখলাম, লাইনে ট্রাক দাঁড়িয়ে আছে, সবগুলোতেই সবজি। তেল পাবে কখন? আর ঢাকায় পৌঁছাবে কখন? অর্ধেক সবজি তো পচে যাবে। তাহলে কি দুর্ভিক্ষ আসবে না? এসব বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদল ও শিবিরের ওপর আক্রমণ করা হচ্ছে।”
“চীন এই সরকারকে সাহায্য করতে চায়। কিন্তু তারা চীন থেকে সাহায্য নিতে পারবে না, কারণ তারা ভারতের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সরকার যেভাবে সংসদে এবং বাইরে চলছে, তাতে আমার মনে হয় না ছয় মাসও তাদের আয়ু আছে। আমরা চাই না, সরকার পড়ে গিয়ে এখানে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব, কিন্তু সব ধৈর্যেরই সীমা আছে।”
তিনি আরও বলেন, “ইংল্যান্ডে যে ১৭ বছর ছিল, সে যদি প্রকাশ্য হয়- তাহলে আমরাও প্রকাশ্য। আর সে যদি গুপ্ত থাকে, তাহলে আমরাও গুপ্ত থাকব। শিলং থেকে কেউ যদি গুপ্ত না হয়, তাহলে আমরাও গুপ্ত নই। হরিপুর কি সিলেটে, না কাতারে? হরিপুর যদি সিলেটে হয়ে থাকে, তাহলে আমার তেলের ঘাটতি থাকার কথা নয়। কারণ আমাদের গ্যাসের সঙ্গে আংশিক পেট্রোল ও অকটেন মাটির নিচ থেকে আসে, আর বাকিটা আসে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে। কখনো কখনো আমরা চীন থেকেও নিয়েছি। আপনাকে যে বলা হয়েছে, ইরানের যুদ্ধের কারণে তেলের সংকট- এটি সত্য নয়, মিথ্যা। এই সংকট তৈরি করা হয়েছে, যাতে আমরা জুলাই সনদ নিয়ে আন্দোলন করতে না পারি। বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি কালই বলে ৫০ লাখ মানুষ ঢাকায় আসতে, তখন আপনার কাছে পুলিশ থাকবে না, বিডিআর থাকবে না। ছাত্রদলের যেগুলো আছে, সেগুলোও ভাড়াটিয়া। আপনি এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারবেন না। জামায়াতে ইসলাম ধৈর্যে বিশ্বাস করে। আমাদের আমিরের এই ধৈর্যকে যদি দুর্বলতা মনে করা হয়, তাহলে ক্ষতি আপনারই, আমাদের নয়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জামায়াতের নওগাঁ জেলার নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এবি/টিএ