© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজস্ব বাড়াতে অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে চায় এনবিআর

শেয়ার করুন:
রাজস্ব বাড়াতে অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে চায় এনবিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। তবে রাজস্ব বাড়াতে অনানুষ্ঠানিক খাতকে করের জালে আনতে চায় এনবিআর। এজন্য নতুন করদাতাদের ন্যূনতম কর তিন হাজারের পরিবর্তে এক হাজার টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি।

শনিবার (২৫ এপ্রিল) প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার কথা ভাবছে এনবিআর।

ফুটপাতের দোকানদার, হকার কিংবা ছোট মুদি দোকান; বাসা-বাড়িতে তৈরি হস্তশিল্প থেকে অনলাইন শপ ও অটোরিকশাচালকসহ অনানুষ্ঠানিকখাত থেকেই মোট দেশজ উৎপাদনে যোগ হয় ৪০-৫০ শতাংশ। কিন্তু এসব খাতের বেশিরভাগই নগদ লেনদেন হওয়ায় রাজস্ব পাচ্ছে না সরকার। অনানুষ্ঠানিকখাতকে করের জালে ফেলতে নতুন করদাতাদের ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি।

শনিবার এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, ভ্যাট দেয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এর বাইরে থেকে গেছে। আদায় প্রক্রিয়া সহজ না হওয়া পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। নতুন বাজেটে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার কথা ভাবছে সংস্থাটি। কর প্রশাসনের প্রচলিত কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের কাজ অনেকটাই গণ্ডিবদ্ধ। এতে কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ কমে যায় এবং নতুন চিন্তার বিকাশ বাধাগ্রস্ত হয়। কর্মকর্তাদের আন্তর্জাতিক সংযোগ বাড়ানো ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের ওপরও জোর দেন তিনি।

রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মো. আবদুর রহমান খান বলেন, ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (ই-টিডিএস) ভবিষ্যতের ‘রেভিনিউ মেশিন’ হতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে উৎসে কর কর্তনের তথ্য সরাসরি আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত হবে, ফলে করদাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে প্রক্রিয়া সহজ হবে।

তিনি আরও জানান, আমদানি পর্যায়ে প্রদত্ত করের ক্রেডিট এখন স্বয়ংক্রিয়ভাবে রিটার্নে যুক্ত হচ্ছে। কর কর্মকর্তাদের অ্যাসাইকুডা ডাটাবেজে পূর্ণ প্রবেশাধিকার দেয়ায় যাচাই প্রক্রিয়া আরও সহজ হয়েছে। এতে করদাতার ভোগান্তি কমবে এবং স্বচ্ছতা বাড়বে বলে মনে করেন তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। টিন নিয়ে যারা রিটার্ন দিচ্ছে না, তাদের ওপর নজরদারি বাড়ানো হবে।

চলতি বছর ৪৪ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলেও জানান এনবিআর প্রধান।


ইউটি/টিএ 

মন্তব্য করুন