© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ’ করার কথা বলে নারীর কাছ থেকে টাকা ছিনতাই

শেয়ার করুন:
‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ’ করার কথা বলে নারীর কাছ থেকে টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করা’ চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার শমশেরনগর বাজারে এ ঘটনাটি ঘটে। আটককৃত ওই সদস্যের নাম হাবিব মিয়া (৩০)। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর বাজারে সোনালী ব্যাংক থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নিচে নামার পর তিনি প্রতারণার শিকার হন।

জরিনা বেগম জানান, তিনি ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি আমার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেন। তারা নানা কৌশলে টাকা দ্বিগুণ করার কথা বলেন। একপর্যায়ে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে নেন।

বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তার কাছে টাকা পাওয়া যায়নি। প্রতারক তার অন্য সদস্যের কাছে টাকা দিলে তারা টাকা নিয়ে পালিয়ে যান। এরপর প্রতারক হাবিব মিয়াকে জনতা আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএন 

মন্তব্য করুন