সুন্দলপুর খাল পুনঃখননের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
১০:৪৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দলপুর খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার সুন্দলপুর বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাপার জাতীয় পরিষদের সদস্য ও চারবার জাতীয় পদকপ্রাপ্ত অ্যাগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) অধ্যাপক মতিন সৈকত।
তিনি বলেন, খাল-নদী রক্ষা এখন সময়ের দাবি। দখল ও দূষণের কারণে সুন্দলপুর খালটি ভরাট হয়ে অস্তিত্ব হারানোর পথে। দ্রুত খালটি পুনঃখনন করে সেচ সুবিধার আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি পুনঃখননের জন্য দাউদকান্দি সফর করেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় সুন্দলপুর খাল পুনঃখননে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার জন্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কালাডুমুর নদ, খিরাই নদ, মাইথারকান্দি খাল ও টামটা-বিটমান খাল সংস্কারের দাবিও তোলেন তিনি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ ও বাপার উপদেষ্টা কাজী মোস্তফা কামাল। বক্তব্য দেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. শাহ আলম, উপদেষ্টা নিবাস ঘোষ, বাপার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা কবি মো. ওয়াহিদুজ্জামান, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও অ্যাডভোকেট রাসেল রাফি, প্রভাষক মো. সোহেল রানা, জীবন তালুকদার, মো. আলমগীর হোসেন, নারী নেত্রী রাজিয়া সুলতানা, শাকিল সরকার, পরিবেশকর্মী দীন ইসলাম রাজুসহ অনেকে। এ সময় স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ