খুলনায় প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের লাঞ্ছনা, সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
১২:৩৫ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
খুলনায় প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাংবাদিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের নেতাকর্মীরা এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে তারা প্রেসক্লাবে থাকা সাংবাদিকদের লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৩০ এপ্রিলের নির্বাচন ঘিরে খুলনা প্রেসক্লাবে প্রচারণা চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে 'এখন টেলিভিশন' খুলনার বিশেষ প্রতিনিধি মো. তরিকুল ইসলামসহ কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাংবাদিক রফিউল ইসলাম টুটুল, হেদায়েত হোসেন মোল্লা, এহতেশামুল হক শাওন, তরিকুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসকে/এসএন