কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ আসামির স্বীকারোক্তি, রিমান্ডে ১
ছবি: সংগৃহীত
০২:২১ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গ্রেফতার ৫ জনকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। সন্ধ্যায় আদালতের বিচারকের কাছে ৪ আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- মোহাম্মদ সোহাগ (৩০), ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাত হোসেন জুয়েল (২৭)।
অপর আসামি ইসমাইল হোসেন জনিকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়ে মৃত্যু হয় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতাররা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কুমিল্লা শহরে যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করতো। ঘটনার রাতে তারা জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি এলাকায় চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসকে/টিএ