পঞ্চগড়ে ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক
ছবি: সংগৃহীত
০৩:১৫ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ পলাশ চন্দ্র মাঝি (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক পলাশ চন্দ্র মাঝি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা।
বিজিবি ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পলাশ চন্দ্র মাঝি বাংলাবান্ধা ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। তবে বিজিবির কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিল যে, এক ব্যক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আটক পলাশ চন্দ্র মাঝি প্রায় এক মাস আগে বাংলাদেশে এসেছিলেন। আজ ফেরার পথে ইমিগ্রেশন শেষ করে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাকে আটক করে। তল্লাশিতে তার কাছে অবৈধ ইউএস ডলার পাওয়া যায়।
বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে ডলার পরিবহণের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এসকে/টিএ