© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বাস ও কাউন্টার ভাঙচুর

শেয়ার করুন:
সিলেটে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বাস ও কাউন্টার ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক আহত হয়েছেন এবং বেশ কিছু বাস ও কাউন্টার ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর রুটের পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সোমবার বিকেলে শ্রমিক নেতা শাহজাহানকে ধাওয়া করেন জকিগঞ্জ রুটের শ্রমিকরা। একপর্যায়ে তারা জগন্নাথপুর রুটের শ্রমিকদের ওপর হামলা চালালে জাফলং রুটের শ্রমিকরা তাদের প্রতিহত করতে মাঠে নামে। পরে এই সংঘর্ষে মিতালি পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকরাও জড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকরা কদমতলী এলাকার বেশ কয়েকটি বাসের গ্লাস ও বাসের কাউন্টার ভাঙচুর করেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, কমিটি গঠন নিয়ে শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এসকে/টিএ

মন্তব্য করুন