কুষ্টিয়ায় কথিত পীর শামীম হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০৩:৩৫ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজেকে ‘পীর’ দাবি করা আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম জানান, পীরের আস্তানায় হামলার সময়কার বেশ কিছু ভিডিও চিত্র পুলিশের হাতে আসে। সেসব ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে ওই দুই যুবকের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। যদিও মামলার এজাহারে তাদের নাম ছিল না, তবে প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে একদল বিক্ষুব্ধ জনতা উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা চালায়। এরপর হামলাকারীরা শামীমকে তার কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ দোতলা থেকে নিচে ছুড়ে ফেলা হয়।
এই হত্যাকাণ্ডের তিন দিন পর ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ১৫ দিন পর এই প্রথম দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ।
এসকে/টিএ