© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই। 

আটক যুবকের নাম ফেরদৌস। তার বয়স ২২ বছর।  আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৬টায় এই ঘটনা ঘটে। ওই যুবক অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন এলাকায় চলে যান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা। 

বেবিচক জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন