© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিলমারীতে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ

শেয়ার করুন:
চিলমারীতে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র আইন-কানুনের তোয়াক্কা না করে ড্রেজার বসিয়ে বালু তুলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী রক্ষা বাঁধের একেবারে পাশ থেকেই দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের ভাঙন দেখা দিলে বসতবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে।

রাক্ষুসে ব্রহ্মপুত্রের ভাঙনে এমনিতেই আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। তার ওপর অবৈধ বালু উত্তোলনের কারণে সেই আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, যত্রতত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভ থেকে বালু তোলার ফলে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ভাঙন ত্বরান্বিত করছে।

সরেজমিনে দেখা গেছে, নদীতে একাধিক ড্রেজার দিয়ে রাত-দিন বালু উত্তোলন চলছে। এছাড়া বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামের সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মুকুল মন্ডল বলেন, প্রতিদিন নদীভাঙন বাড়ছে। সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়, কখন ঘরবাড়ি নদীতে চলে যায় তার ঠিক নেই। এছাড়া ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আরেক ভুক্তভোগী নুর ইসলাম অভিযোগ করে বলেন, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে তারা নিঃস্ব হয়ে যাবেন।



ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা নিহারীকা শারমিন দীপী বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে একাধিক মানববন্ধন ও লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী রক্ষা বাঁধ সংস্কার করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এসএন 

মন্তব্য করুন