সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে হুঙ্কার ফজলুর রহমানের
ছবি: সংগৃহীত
১২:২৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ড. ইউনূসের আমলে ‘মবের শিকার’ হওয়ার দিনের স্মৃতিচারণ করার সময় জাতীয় সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে হুঙ্কার দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ হুঙ্কার দেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান বলেন, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ৫ আগস্টের পরে কি হলো আপনারা জানেন- এইখানে ইউনূস সরকার ছিল।
আমি শিল্পকলার সামনে থাকি- একটা গান হতে পারে নাই, একটা নাটক হতে পারে নাই, একটা লালনের গীতি হতে পারে নাই, একটা বাউল গান হতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ৪৭-এ যুদ্ধ হয়েছে আর ২৪- এর যুদ্ধ হয়েছে এবং ৭১-এ গণ্ডগোল হয়েছে। সেইদিন মুক্তিযুদ্ধা হিসেবে আমি বলেছিলাম- এই ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযুদ্ধা জীবিত আছে এদেশে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে এটাও সত্য।
তিনি বলেন, আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, মিলিটারিকে ধন্যবাদ দেব, তারা ১০ মিনিটের মধ্যে আমার বাড়ি সামনে এসেছিল আমাকে বাচাঁনো জন্য।
এসকে/এসএন