ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম আঞ্চলিক কেন্দ্র চালু বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
০৫:১৭ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে ময়মনসিংহে চালু হচ্ছে নতুন আঞ্চলিক কেন্দ্র। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ সদরের আমলীতলা এলাকায় এ কেন্দ্রের উদ্বোধন করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অধিভুক্ত কলেজগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রম সহজীকরণ, ভর্তি, পরীক্ষা ও ফল প্রকাশ দ্রুত সম্পন্ন করা এবং দীর্ঘদিনের সেশনজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যার সর্বশেষ সংযোজন ময়মনসিংহ।
নতুন এই কেন্দ্রটি ময়মনসিংহ সদরের আমলীতলার মধ্য বাড়েরা গ্রামের আদুর বাড়ি বাইলেন সড়কের এক নম্বর বাড়িতে স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
এই আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার অধিভুক্ত কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউটগুলো এখান থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
এ উপলক্ষ্যে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। এছাড়া বিভিন্ন শিক্ষা ও প্রশাসনিক ব্যক্তিত্ব বক্তব্য দেবেন বলে জানা গেছে।
এমআর/টিএ