© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে যুবলীগ নেতা কারাগারে

শেয়ার করুন:
শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে যুবলীগ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতাকর্মীদের শপথের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমান আলী। তিনি চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।   

এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চরমার্টিন ইউনিয়নের নিজ এলাকা থেকে ইমানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ২৫ জনের নাম উল্লেখ ও প্রায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে বাদির নাম ও আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি ওসি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৬ এপ্রিল) রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোলাকার অবস্থানে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি শপথবাক্য পাঠ করেন। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ফেসবুকে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি প্রচার করেন।তাৎক্ষণিক ভিডিওটি বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওটির কিছু অংশে শোনা যায়, 'আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।' ওই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এসব স্লোগানও দিতে থাকেন।

‎এ ব্যাপারে বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিবেন বলে জানিয়েছেন তিনি।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন