দেশ গড়ার কাজে স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৭:৩৪ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন দেশ গড়ার লক্ষ্যে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই-দেশ গড়ার কাজে সব স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যে শপথ করে এসেছি মানুষের কাছে, তা পূরণ করে আবার তাদের কাছেই ফিরে যেতে পারি।
ফারজানা শারমীন জোর দিয়ে বলেন, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা এবং সেই লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি, ভবিষ্যতেও জনগণের জন্য কাজ করে যাব।’
দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজ ও নারীদের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলকে এগিয়ে নিতে হবে, তাহলেই জাতীয় উন্নয়ন সম্ভব হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ফারজানা শারমীন বলেন, একসময় দেশে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং কথা বলার জন্য জীবন দিতে হতো। সেই প্রেক্ষাপটে তিনি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সো-কলড প্রাইম মিনিস্টার’ হিসেবে উল্লেখ করেছিলেন বলেও জানান।
বর্তমান প্রেক্ষাপটে ফারজানা শারমীন বলেন, টকশোতে অংশ নেওয়ার চেয়ে বাস্তব কাজের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ‘টকশো অনেক করেছি, এখন ওয়ার্ক-শো করার সময়। জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে, তাদের কাছেই ফিরে গিয়ে জবাব দিতে চাই’, যোগ করেন তিনি।
রাজনৈতিক অনুপ্রেরণার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার সরাসরি সুযোগ হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি শেখার। তবে তিনি খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতির শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন।
পাশাপাশি বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ফারজানা শারমীন বলেন, দক্ষ নেতৃত্বের কারণে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
কেএন/এসএন