© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ এএম | ০১ মে, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চব্বিশের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারবিহীন একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর রাজনৈতিক অবস্থান ও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিহাসের নতুন অনেক তথ্য আমাদের সামনে আসছে। আবু আলা মওদুদী যে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তা প্রায় ৭৫ বছর পর জানা গেল! এ নতুন ইতিহাস জানানোর জন্য আপনাদের (জামায়াতকে) ধন্যবাদ। আবার ইতিহাসের একটা নতুন জিনিস জানলাম যে জামায়াতের আবু তাহের সাহেব শিশু মুক্তিযোদ্ধা, তাকে অভিনন্দন।

বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তা এখন স্পষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সংবিধান সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরইমধ্যে বিশেষ কমিটির প্রস্তাব করা হয়েছে। বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা সংস্কার পরিষদ করতে চায়। সংশোধনীকে সংস্কার মনে করে তারা যদি মনে মনে খুশি হয়, তবে তাতে আমাদের আপত্তি নেই। তাদের কাছে কমিটির জন্য সদস্য চাওয়া হয়েছে, তারা দেননি। আশা করি দেবেন, সময় আছে।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, কেউ কেউ নির্বাচন চায়নি, লড়াই করে নির্বাচন আদায় করে নিতে হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের (ইসি) ফল্ট। তারা (জামায়াত ও এনসিপি) কীভাবে চিঠি পেয়ে দুটি শপথ নিয়েছে।

গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মুক্তিযোদ্ধা নিয়ে অহেতুক বাহাস না করে আসুন আমরা সবাই মিলে এই টাকা ফেরাতে কাজ করি। আওয়ামী লীগ ও তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেয়া দলগুলোকে ‘জাতীয় বেইমান’ বলা থেকে বিরত থেকে তাদের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন তিনি।


আইকে/টিএ

মন্তব্য করুন