© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্য খরগোশ শিকার ও হত্যায় ৪ জনের কারাদণ্ড

শেয়ার করুন:
বন্য খরগোশ শিকার ও হত্যায় ৪ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ এএম | ০১ মে, ২০২৬
চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের মনোরঞ্জনের ছেলে উজ্জ্বল কুমার বিশ্বাস, মৃত তোয়াজ আলীর ছেলে সাদগার আলী, সাধুমণ্ডল গ্রামের শুকুমার মণ্ডল এবং মোহন কুমার বিশ্বাসের ছেলে সুধাংশু কুমার বিশ্বাস।

বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, ১৬ সদস্যের একটি শিকারি দল তিতুদহ ইউনিয়নের কেরু অ্যান্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার করছে- এমন খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।

পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহীকে জানানো হয়। উপস্থিতি টের পেয়ে অধিকাংশ শিকারি পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে জীবিত উদ্ধার করা পাঁচটি খরগোশকে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ সময় তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আহসান হাবীব শিপলু বলেন, বন্যপ্রাণী হত্যা, ক্রয়-বিক্রয়, পাচার ও আটক আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, জেলার কেরু অ্যান্ড কোং মাঠে বন্য খরগোশ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিচিত।

বন্যপ্রাণী সংরক্ষণে তাদের সংগঠন নিয়মিত কাজ করে যাচ্ছে, তবে কিছু অসাধু শিকারি এখনও এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ কার্যকরভাবে প্রয়োগ হলে এ ধরনের অপরাধ কমে আসবে।

এসময় সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, বায়জিদ, রিয়াজ উদ্দীন, সাহাবুলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা এ অভিযানের প্রশংসা করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন