© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ, কার্যক্রম বন্ধের নির্দেশ

শেয়ার করুন:
চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ, কার্যক্রম বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ এএম | ০১ মে, ২০২৬
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করার অভিযোগে নাহার এগ্রো লিমিটেডের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, নাহার এগ্রো লিমিটেড একটি এক্সকাভেটর ব্যবহার করে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করে নতুন স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটির কাছে জমির শ্রেণি সংক্রান্ত কাগজপত্র এবং ফ্যাক্টরি স্থাপনের অনুমোদিত নকশা বা প্ল্যানসহ প্রয়োজনীয় দলিলাদি চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র উপস্থাপন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার নাহার এগ্রো লিমিটেডের পাহাড় কাটা ও ফ্যাক্টরি নির্মাণসহ সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি জানান, নির্ধারিত তারিখে কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ 

মন্তব্য করুন