১ বছর পর টেকনাফ স্থলবন্দর সীমান্ত বাণিজ্য চালু
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ০১ মে, ২০২৬
দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর ঘিরে আবারও বাণিজ্যিক কার্যক্রম চালুর আভাস মিলছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠের বোট বর্তমানে টেকনাফের দিকে অগ্রসর হচ্ছে-যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
শুক্রবার (১ মে) সকালে মায়ানমারের মংডু এলাকার আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বোটটি রওনা দেয়। তবে দুপুর পর্যন্ত সেটি বন্দরের জেটিতে ভিড়েনি বলে জানা গেছে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি কাঠের বোট আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা এখনও পৌঁছায়নি।
একই তথ্য নিশ্চিত করে স্থানীয় মাঝি শামসুল আলম বলেন, ‘অনেকদিন পর বোট আসার খবরে বন্দরের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।’
সূত্র জানায়, বোটটি মংডুর হায়েনখালী খাল এলাকা থেকে যাত্রা শুরু করে এবং এটি টেকনাফের ব্যবসায়ী মো. ফারুকের জন্য আসছে বলে জানা গেছে।
রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এতে নাফ নদীর ওই অংশে নৌ চলাচলও সীমিত হয়ে পড়ে।
গত বছরের এপ্রিল মাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে মায়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারায়।
দীর্ঘ অচলাবস্থার পর এই বোট আগমনের খবরে সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিয়মিত নৌযান চলাচল শুরু হলে টেকনাফ স্থলবন্দর আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
আরআই/এসএন