© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছিলেন: রাষ্ট্রপতি

শেয়ার করুন:
জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছিলেন: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ০১ মে, ২০২৬
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বৃদ্ধিতে জিয়াউর রহমান যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে পূর্ণতা দিয়েছেন।

শুক্রবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন। তিনি বলেন, "আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।"

একইসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন সময়ের শ্রমিক আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে নির্যাতিত, আহত ও শহিদ শ্রমিকদের অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্পের আয় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। শিল্প-কারখানা থেকে শুরু করে কৃষি, পরিবহন, নির্মাণ ও গৃহকর্ম-প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রমই সমাজ ও অর্থনীতিকে সচল রাখছে।

শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, সরকারি মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল স্বাক্ষর করেছে, যা শ্রম অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

শিল্প উৎপাদন বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি একটি নিরাপদ, মানবিক ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, "মহান মে দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।"

কেএন/টিএ

মন্তব্য করুন