বিয়েবাড়িতে খাবার দিতে দেরি হওয়ায় কনের বাড়িতে বরপক্ষের হামলা, আহত ১৫
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ০১ মে, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে খাবারের সংকটকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময়ে বরপক্ষ কনেবাড়িতে উপস্থিত হওয়ার পর খাবারের পর্ব শুরু হলে সংকট দেখা দেয়।
কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত লোক নিয়ে আসায় খাবারের স্বল্পতা তৈরি হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে চেয়ার, বাঁশ এবং কাঁচের প্লেট দিয়ে একে অপরকে আঘাত করা হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/টিএ