সিলেটে মসজিদের মোতাওয়াল্লি মনোনীতকে বিএনপি পরিচয়ধারীর হুমকি-ভাঙচুর, থানায় জিডি
ছবি: সংগৃহীত
১২:৩৬ এএম | ০২ মে, ২০২৬
মসজিদের মোতাওয়াল্লি হতে রাজি হওয়ায় পরিবারসহ খুনের হুমকি দিয়েছেন বিএনপি পরিচয়ে স্থানীয় একজন। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীকে নিয়ে থানায় জিডি করেছেন।
শুক্রবার (১ মে) বিকেলে সিলেটের বিমানবন্দর থানায় জিডিটি করা হয়। জিডি সূত্রে জানা যায়, বিমানবন্দরের ছালেপুর এলাকার স্থানীয়রা জামে মসজিদের মোতাওয়াল্লি পদে মনোনীত করেন প্রবীণ ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া রাজাকে।
এরই জের ধরে গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ১০টায় গ্রামের আফতাব মিয়ার বাড়িতে এক বৈঠকে আলী হোসেন (৩৭), মিজান (২২) ও জাকির (২৮) — গোলাম কিবরিয়াকে মোতাওয়াল্লি মানতে নারাজি দেন।
তিনজনই ছালেপুর এলাকার বাসিন্দা - স্থানীয় মুরব্বিয়ান ও মুসল্লিয়ানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে মোতাওয়াল্লি করার ঘোষণা দেন। এরপর রাত আনুমানিক ১১টায় এই তিনজন মোতাওয়াল্লি মনোনীত গোলাম কিবরিয়া রাজার বাড়ির সামনে এসে নাম ধরে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তারা উচ্চস্বরে হুমকি দিয়ে বলেন, গোলাম কিবরিয়া রাজা যেন মোতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকেন। একপর্যায়ে তারা বাড়িতে ইট-পাথর ছুড়ে মারেন এবং বাড়ির এলইডি বাল্ব ও ৩-৪টি প্লাস্টিকের বালতি ভেঙে ফেলেন।
পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী ভয়ে বাড়ি থেকে বের না হয়ে মোবাইলে মুরব্বিয়ানদের বিষয়টি জানান। চলে যাওয়ার আগে অভিযুক্তরা সরাসরি হুমকি দিয়ে বলে যান, মোতাওয়াল্লির দায়িত্ব নিলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন করে ফেলা হবে।
এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কিত রয়েছেন বলে জিডি আবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন।
এয়ারপোর্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
আইকে/টিএ