© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় ২৭টি পশুর হাট, অবৈধভাবে কোথাও বসানো যাবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

শেয়ার করুন:
ঢাকায় ২৭টি পশুর হাট, অবৈধভাবে কোথাও বসানো যাবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ০৩ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এর বাইরে যত্রতত্র কোনো হাট বসতে দেয়া হবে না।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ কোরবানির পশু দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি থাকবে। এ কাজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।
 
হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে এবং প্রয়োজনে সাদা পোশাকেও দায়িত্ব পালন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা হাসিল দিতে হবে না। কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
মোহাম্মদ আমিন উর রশিদ জানান, এ বছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অন্যদিকে কোরবানির চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।
 
চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় চলতি বছর দেশে ২২ লাখ ২৭ হাজারের বেশি গবাদিপশু উদ্বৃত্ত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ফলে কোরবানির পশু নিয়ে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

কেএন/এসএন

মন্তব্য করুন