রাঙামাটিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ০৩ মে, ২০২৬
দীর্ঘ ৮ বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে তারা নতুন কমিটি বাতিলের দাবি জানান। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধের কারণে প্রায় আড়াই ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে জেলার হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন। সড়কে যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা এর আগে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেয়।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের অর্থ ও উপহারের বিনিময়ে কমিটিতে রাখা হয়েছে। তারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান এবং দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
সভাপতি প্রার্থী ফজরুল ইসলাম অভিযোগ করে বলেন, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে। অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি এই কমিটি প্রত্যাহারের দাবি জানান।
জেলা ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, কমিটি আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তাদের অনেকেই এখনো কমিটিতে স্থান পাননি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তাদের মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, কমিটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। বিবাহিত, চাঁদাবাজ বা অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
প্রসঙ্গত, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইকে/টিএ