জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির বৈঠক
ছবি: সংগৃহীত
০৫:২৮ পিএম | ০৩ মে, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে তুরস্কের রাজনৈতিক দল ‘হুদাপার পার্টি’র একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (৩ মে) দুপুরে রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তুরস্কের হুদাপার পার্টির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন— সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।
এছাড়াও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসো)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তুরস্কের হুদাপার পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় দেশের নেতারা।
ইউটি/টিএ