রহমান স্যারকে লক্ষ্য করে নয়, নিজের মন্তব্য স্পষ্ট করলেন শিল্পা রাও
ছবি: সংগৃহীত
০৭:০৬ পিএম | ০৩ মে, ২০২৬
গত কয়েক মাসে ভারতীয় চলচ্চিত্রের সংগীত জগতে একাধিক ঘটনা ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার খবর ভক্তদের চমকে দিয়েছে। অন্যদিকে এ আর রহমান জানিয়েছেন, গত আট বছরে হিন্দি ছবিতে তাঁর কাজের সুযোগ কমেছে। তিনি ইঙ্গিত দেন, এর পেছনে সাম্প্রদায়িকতা ও ইন্ডাস্ট্রির ক্ষমতার পরিবর্তন ভূমিকা রাখতে পারে।
এই পরিস্থিতির মধ্যেই নিজের মতামত জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শিল্পা রাও । ‘এক্সপ্রেসো’ অনুষ্ঠানের ১৩তম সংস্করণে তিনি বলেন, ইন্ডাস্ট্রির নানা গুজব বা প্রচলিত ধারণায় সহজে বিশ্বাস না করাই শ্রেয়। তাঁর কথায়, ‘নিজেকে যতটা সম্ভব প্রভাবমুক্ত রাখতে হবে। কোনও একটি গল্প শুনে তা অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়।’
শিল্পীর এই বক্তব্য রীতিমত ভাইরাল হয়। অনেকে ভাবতে শুরু করেন তার ‘অ্যাবস্টেইন ফ্রম বিইং গালিবল’ মন্তব্যটি নাকি এ আর রহমানের পুরনো স্টেটমেন্ট এর প্রতিক্রিয়া।
তবে এমন দাবি ছড়িয়ে পড়লেও, সেটিকে পুরোপুরি আউট অব কনটেক্সট বলে জানিয়েছেন এই গায়িকা।

ভারতীয় গণমাধ্যমে শিল্পা রাও স্পষ্ট করে বলেন, তার বক্তব্যকে প্রসঙ্গচ্যুত করে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমার মন্তব্যটি ছিল এই বিষয়ে—ইন্ডাস্ট্রিতে এত মানুষের এত পরামর্শ থাকে, কে কী বলছে তা অন্ধভাবে না মেনে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করা জরুরি। সরলভাবে সবকিছু বিশ্বাস না করে নিজের মতো করে সত্য থাকা দরকার।’
তিনি আরও জোর দিয়ে বলেন, এই উত্তরটি কোনোভাবেই রাহমান স্যারের বক্তব্যের রিপ্লাই হিসেবে দেওয়া হয়নি। মূলত একটি ইন্টারভিউতে শিল্পা রাও শিল্পীজীবনে স্বাধীনভাবে চিন্তা করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ট্রেন্ড বা অন্যের কথায় ভেসে না গিয়ে নিজের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া উচিত। তার ভাষায়, অন্ধভাবে কোনো ন্যারেটিভ-এ বিশ্বাস না করে যতটা সম্ভব তা থেকে দূরে থাকা ভালো।
এছাড়া সৃজনশীলতায় সততা ধরে রাখার ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। শিল্পা বলেন, হয়তো এতে এক-দুটি প্রজেক্ট হারাতে হতে পারে, কিছু গান হাতছাড়া হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে নিজের মতো করে কাজ করাটাই গুরুত্বপূর্ণ। নিরাপদ পথ বেছে নেওয়ার চেয়ে নিজের স্বতন্ত্রতাকে প্রকাশ করা বেশি মূল্যবান। যদি তাতে ব্যর্থতাও আসে।”
এসএ/টিএ