তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ করছি : সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৫২ পিএম | ০৪ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ করছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সোমবার (৪ মে) রাতে ঢাকা ক্লাবে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্স নামে আইনজীবীদের নিয়ে গঠিত একটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ বছর এ দেশে ভোট হতে দেওয়া হয়নি। জনগণও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি টিমওয়ার্ক করে চলেছি।
অর্থাৎ দিন-রাতকে এক করে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো সমাজের ভেতরে থাকা অনৈক্য বা বিভাজন দূর করে মানুষের মাঝে ঐক্য গড়ে তোলা। আর ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা মাথায় তুলে দাঁড়াতে চাই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে নিতাই রায় বলেন, এবার নীল ও সবুজ প্যানেল রয়েছে। সাদা প্যানেল নেই। এজন্য সাদা প্যানেলের ভোটারদের গুরুত্ব দিতে হবে। কেননা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের বেশিরভাগ ভোটই পড়েছে ধানের শীষ প্রতীকে। তারা আওয়ামী লীগকে ভোট দিতেন। কিন্তু এবার আমাদের ভোট চাওয়া লাগেনি। তারা একচেটিয়া ভোট দিয়ে গেছেন। তাই সাদা প্যানেলের ভোটগুলো নিশ্চিত করতে হবে এবার।
বিভেদ-বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে আইনজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমাদের বিভেদ-বিভাজন থাকবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অতীতের অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে সবাইকে নীল প্যানেলে ভোট দিতে হবে। এবার প্রমাণ করার সুযোগ এসেছে যে, আমরা সবাই বিএনপি করি। বিএনপিতেই ভোট দেবো। তবে ভুল করলে আমাদেরই ক্ষতি হবে।
এ সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও এমপি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও এমপি মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী রাগিব রউফ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনীতে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম জাবেদ ও হুসনে মুবারক রকিকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আরআই/টিএ