© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

শেয়ার করুন:
নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ পিএম | ০৬ মে, ২০২৬
নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্মা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও এদিন দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমি থেকে ধান উঠানোর সময় আরেকজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলিপ চন্দ্র বর্মণ, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মাহন্ত ও পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসেরহাট উল্লাপাড়া গ্রাম থেকে ধান কাটতে আসা আরেক শ্রমিক। নিহত ওই শ্রমিকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে দিলিপ বর্মণের ওপর বজ্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। ‎এছাড়া একই উপজেলার হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত ওই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ব্রজপাতে দুইজনের মৃত্যু হয়েছে। একজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জমি থেকে ধান উঠানোর সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

এবি/টিএ

মন্তব্য করুন