© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে একক কৃতিত্ব নিতে চেয়েছিল: ইশরাক হোসেন

শেয়ার করুন:
আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে একক কৃতিত্ব নিতে চেয়েছিল: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ পিএম | ০৬ মে, ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অপ্রাপ্তবয়স্ক ও অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা প্রত্যাশিত হারে বাড়ানো হয়নি।

বুধবার (৫ মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে নিজেদের নানা অপকর্ম আড়াল করার চেষ্টা করেছে। দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, গুম, খুন, লুটপাটসহ নানা অপরাধে জড়িত থেকেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াসহ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার ঘটিয়েছে তারা।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন বিএনপিই করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা সবচেয়ে বেশি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী। এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু বলেন, মুক্তিযুদ্ধ না হলে স্বাধীন দেশ পাওয়া যেত না। সাম্প্রতিক আন্দোলনকে স্বাধীনতা যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা ঠিক নয়।

আইকে/টিএ

মন্তব্য করুন