বৃহস্পতিবার চালু হচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ০৬ মে, ২০২৬
দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বুধবার (৬ মে) প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (অপারেশনস) মামুনুর রশীদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি একটি অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) চালান দেশে এসে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঠিক থাকলে বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে শোধন কার্যক্রম পুনরায় চালু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন কিছুটা সীমিত থাকবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে।
মামুনুর রশীদ খান আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি বুধবার (৬ মে) কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা যায়, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন শোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। পাশাপাশি, চলতি মাসের ২০ তারিখের পর নতুন আরও একটি চালান আসার সম্ভাবনা রয়েছে।
সূত্র আরও জানায়, সৌদি আরব থেকে চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে নতুন একটি চালান লোডিং হলে সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটবে না। ওই চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যা জাহাজের সক্ষমতার ওপর নির্ভর করবে।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, আজ (৬ মে) দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল (৭ মে) থেকেই সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।
আইকে/টিএ