শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৪৪ পিএম | ০৭ মে, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আমলে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। তবে বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের গোয়ালচামটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। কারণ শিক্ষাখাতকে যদি ধ্বংস করা যায়, তাহলে দেশের নতুন প্রজন্মকে ধ্বংস করা যায়। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষাখাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শিক্ষাখাত নিয়ে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হলো।’
জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা যারা জনগণের প্রতিনিধি, আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় কাজ করা।’
মাদক ও দুর্নীতিকে সামাজিক ব্যাধি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই ব্যাধিগুলোকে যদি মোকাবিলা বা বন্ধ করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই এবং সুশিক্ষার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষার প্রসারে কাজ করছি, ভবিষ্যতেও কাজ করে যাব। সবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার দরজা খোলা রয়েছে। যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
টিকে/