রাতে দেশের ৮ জেলার উপর দিয়ে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ০৭ মে, ২০২৬
দেশজুড়ে টানা বৃষ্টিতে তীব্র গরমের দাপট কমে সর্বত্রই হিমশীতল আবহাওয়া বিরাজ করছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) রাতের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নওগাঁর বাদলগাছীতে ৪৮ মিলিমিটার ছাড়াও ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮, দিনাজপুরে ৩৪, নারায়ণগঞ্জে ৩৩, ঢাকায় ২৭ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসকে/টিকে