২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ০৭ মে, ২০২৬
কন্টেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
বৃহস্পতিবার (৭ মে) কাস্টমস হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অখালাস করা ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির অংশ হিসেবে মে মাসজুড়ে ই-অকশন পদ্ধতিতে এসব পণ্য বিক্রি করা হবে। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী ই-অকশনে ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেম ও এসি পার্টস। এ চালানগুলোর ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।
এছাড়া ই-অকশনে ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ।
কাস্টমস হাউস জানিয়েছে, নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। পুরো মে মাসজুড়ে আগ্রহী বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।
বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ঘরে বসেই দরপত্র দাখিল করা যাবে। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
আগামী ৯ জুন বেলা ১১টায় এবং ১৪ মে বিকেল ৩টায় ই-অকশনের দরপত্র বাক্স খোলা হবে। চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/টিকে