পাগলা কুকুরের কামড়ে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৯
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ০৮ মে, ২০২৬
সুনামগঞ্জের শাল্লায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও এসএসসি পরীক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছে। পাশাপাশি গরু, ছাগল ও কয়েকটি ভেড়াকেও কামড়েছে কুকুরটি। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঙ্গিয়ারগাঁও বাজারে কুকুরের কামড়ে আহত হয় তারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল থেকে একটি পাগলা কুকুর গুঙ্গিয়ারগাও বাজারে এলোমেলো দৌড়াদৌড়ি করছিল। সেসময় পথচারী কয়েকজনকে কামড়ায় কুকুরটি। পাশাপাশি কুকুরটি কয়েকটি গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করেছে।
আহতরা হলেন বাজারের দর্জি রান্টু সরকার (৪৫), ৪ বছরের শিশু মো. হুসাইন মিয়া, এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস এবং ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের লিপি রাণী (৪২)। এরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমাদের কাছে কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন (এআরভি) পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
যারা আসছেন তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, উপজেলা সদরে একটি পাগলা কুকুর মানুষ ও পশুদের কামড়িয়েছে। এ বিষয়ে বাজার কমিটি প্রাণিসম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।
এসকে/টিকে