© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে পারেন মাত্র দুই আসন পাওয়া থিরুমাভালাভান!

শেয়ার করুন:
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে পারেন মাত্র দুই আসন পাওয়া থিরুমাভালাভান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ০৯ মে, ২০২৬
তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে চলমান রাজনৈতিক অচলাবস্থায় এবার নতুন এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। জোট রাজনীতির জটিল সমীকরণে অভিনেতা-রাজনীতিক বিজয়ের সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়ায় বিদুথালাই চিরুথাইগাল কাজাগমের (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভানকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ঘিরে আলোচনা শুরু হয়েছে। খবর এনডিটিভি।

রাজনৈতিক মহলে বিষয়টি বিস্ময়কর মনে হলেও জোট রাজনীতিতে অসম্ভবও মুহূর্তেই সম্ভব হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ভিসিকে পেয়েছে মাত্র দুটি আসন, যা মোট আসনের এক শতাংশেরও কম। কিন্তু বর্তমান ঝুলন্ত পরিস্থিতিতে দলটির গুরুত্ব হঠাৎ করেই বেড়ে গেছে।

কারণ, একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) হাতে বর্তমানে রয়েছে ১১৬ জন বিধায়কের সমর্থন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন। ফলে ভিসিকের দুই বিধায়কের সমর্থন পেলেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে।

সূত্র বলছে, আজ বিকাল ৪টায় ভিসিকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে পারে।

জানা গেছে, ভিসিকের দুই বিধায়কের একজন এখনো চেন্নাইয়ে পৌঁছাননি। দলটি চায়, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে দুই বিধায়কের স্বাক্ষর একসঙ্গে নিশ্চিত করতে। এ কারণেই সমর্থন ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

অন্যদিকে বিজয় সরকার গঠনের জন্য আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সমর্থনও চেয়েছিলেন। তবে দুটি দলই সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন থিরুমাভালাভান

ভারতের জোট রাজনীতিতে সংখ্যার সমীকরণই শেষ কথা। সংবিধান অনুযায়ী, যে কোনো বিধায়কই মুখ্যমন্ত্রী হতে পারেন যদি তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে পারেন।

সেই সমর্থন গভর্নরের কাছে সমর্থনপত্রের মাধ্যমে বা বিধানসভায় আস্থা ভোটে প্রমাণ করা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ডিএমকে, এআইএডিএমকে ও ছোট দলগুলোর মধ্যে নতুন কোনো সমঝোতা তৈরি হয়, তাহলে থোল থিরুমাভালাভানের মতো তুলনামূলক গ্রহণযোগ্য মুখকে সামনে আনার চেষ্টা হতে পারে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও তামিলনাড়ুর চলমান রাজনৈতিক নাটকে নতুন এই জল্পনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন