© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্কতা, বিজিবির টহল জোরদার

শেয়ার করুন:
লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্কতা, বিজিবির টহল জোরদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ পিএম | ০৯ মে, ২০২৬
লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশ ও গরু চোরাচালান রোধে বিশেষ সতর্কতা জারি করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী উদ্ভুত পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সীমান্তে এই নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। শনিবার (৯ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা দিনরাত টহল পরিচালনা করছেন।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। এছাড়াও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচারকারী ও অসাধু চক্রের তৎপরতা বন্ধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ সব ধরনের চোরাচালান বিরোধী ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে।

বিজিবি আরো জানায়, শুধুমাত্র টহল জোরদার নয়, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। সীমান্তের বাসিন্দাদের কোনো সন্দেহভাজন ব্যক্তি বা দলের চলাচল দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার এবং সজাগ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫ বিজিবির আওতাধীন সীমান্তগুলোতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন