রাজনৈতিক গুঞ্জন নিয়ে মুখ খুললেন জিৎ
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ১০ মে, ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতারা। শপথ নিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী।
এই আয়োজনে টালিউডের একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতি নজর কাড়ে। অনুষ্ঠানে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্ত, মমতা শংকর, ঋষি কৌশিক, পায়েল সরকারসহ আরও অনেক তারকাকে।
তবে অনুষ্ঠানে জিতের উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। দীর্ঘদিন ধরেই নিজেকে রাজনীতি থেকে দূরে রাখা এই অভিনেতা বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, তিনি কি এবার রাজনৈতিকভাবে বিজেপির কাছাকাছি যাচ্ছেন?

এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন জিৎ নিজেই। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেতা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। পাশাপাশি তিনি এও জানান, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিখিত বার্তায় জিৎ জানান, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সম্মান রক্ষার্থেই তিনি সেখানে উপস্থিত হন। একইভাবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি যোগ দিয়েছিলেন।
এছাড়া অভিনেতা সবার কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক আছে- এমন গুজব যেন ছড়ানো না হয়। তিনি সব রাজনৈতিক দলকে সম্মান করেন, তবে ব্যক্তিগতভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নন।
এসএ/টিএ