নাটোরে বিদেশি পর্যটকদের হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ২ টিকটকার
ছবি: সংগৃহীত
০৬:৩৪ পিএম | ১০ মে, ২০২৬
নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি নাগরিকদের হেনস্তা করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, গত ৮ মে গ্রিন ভ্যালি পার্কে 'টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬' ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন দুপুর আড়াইটার দিকে পার্কের 'সন্ধ্যা মালতি' নামক পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় কয়েকজন টিকটকার তাদের পথরোধ করেন। এ সময় তারা ওই বিদেশিদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং হয়রানিমূলক ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরবর্তীতে ৯ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের হেনস্তা করার ওই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই টিকটকারকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইউটি/টিএ