সুস্থতার পথে মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
১২:৫২ এএম | ১১ মে, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও সংশ্লিষ্টরা।
রোববার (১০ মে) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎকালে জানা যায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা এই প্রবীণ রাজনীতিক ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।
চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসাসেবা ও বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার সামগ্রিক শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং তার ভাই মির্জা খোকন। তারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন এ বর্ষীয়ান নেতা।
মির্জা আব্বাসকে দেখতে এ সময় হাসপাতালে যান মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, আল ইমরান এবং যুবদল নেতা ইমন হাসান। তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তারা জানান, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনার বার্তা অব্যাহত রয়েছে।
এছাড়া বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসা শেষে তিনি আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী মির্জা আব্বাসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রাজনৈতিক অঙ্গনেও তার সুস্থতা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় আনা হয়।
বর্তমানে কুয়ালালামপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, চিকিৎসা শেষে সুস্থ হয়ে খুব দ্রুতই তিনি দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে আবারও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
এসকে/এসএন