© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে চোর সন্দেহে ৩ জনের মৃত্যুর ঘটনায় ২০০ জনের নামে মামলা

শেয়ার করুন:
গাজীপুরে চোর সন্দেহে ৩ জনের মৃত্যুর ঘটনায়  ২০০ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ এএম | ১১ মে, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে আটকের পর গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর ঘটনায় ২০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। রোববার (১০ মে) বিকেলে পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু চোর সন্দেহে তিনজনকে আটকের পর এলাকবাসী তাদের বেধরক পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে নিলে আরও দুজন মারা যায়। পরে এ ঘটনায় বিকেলে মামলা হয়।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের সরাফত আলী'র ছেলে আজহারুল ইসলাম (৩৫), সিলেট সদর থানার মোস্তাক মিয়া কলোনী এলাকার কমল কান্ত'র ছেলে কৃষ্ণ (৪০) ও পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার কলাগাজী গ্রামের মোঃ বারেকের ছেলে মোঃ সেলিম।

এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়, গত শনিবার দিবাগত মধ্যরাতে জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চুরির উদ্দেশ্যে যায় সংবদ্ধ চোর চক্র। এ সময় এলাকাবাসী তাদের সন্দেহ করে আটক করলে দুটি পিকাপ ভ্যান নিয়ে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে একটি গাড়িতে থাকা তিনজন চোরকে আটক করে গণধোলাই দেওয়া হয়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকাপ ভ্যানে আগুন দেওয়া হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও তাদের আটকে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। 

এসকে/টিএ

মন্তব্য করুন