আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না : নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
১০:৫৯ এএম | ১১ মে, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমরা কখনো ভাইদের ‘পরিত্যাগ’ করি না। মানুষের জীবন রক্ষায় আমরা ‘প্রতিশ্রুতিবদ্ধ’।”
রোববার (১১ মে) মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা।
বৈঠকে নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দেন নেতানিয়াহু এবং বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
নেতানিয়াহু বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়েই আমি ট্রাম্পের সঙ্গে কথা বলছি।’
এ সময় দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়কে ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ‘ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না।’
তবে নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে।
বৈঠকের একপর্যায়ে নেতানিয়াহু আগেভাগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের জন্য জরুরি ভিত্তিতে তাকে (নেতানিয়াহু) জেরুজালেমে ফিরতে হয়।
এদিকে, লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন তৃতীয় সপ্তাহে চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশজুড়ে দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ইসরায়েলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।
এমআই/টিকে