৫৬ দিনে হাম উপসর্গে আক্রান্ত অর্ধলক্ষাধিক, মৃত্যু ৩৫০
ছবি: সংগৃহীত
০৫:৩৮ পিএম | ১১ মে, ২০২৬
রবিবার (১০ মে) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে দেশে মোট ৩৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৬৫।
দেশে গত ১৫ মার্চের পর থেকেই হামের প্রকোপ ভয়াবহ রূপ নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে গত এক দিনে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৫০ হাজার ৫০০ রোগীর তথ্য দেওয়া হয়েছে।
অর্থাৎ ৫৬ দিনে দেশে অর্ধলক্ষাধিক মানুষ হাম আক্রান্ত হয়েছে।
এই সময়ে মারা গেছে ৩৫০ জন। যার মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নথি থেকে জানা গেছে, সন্দেহভাজন রোগীদের মধ্যে ৬ হাজার ৯৩৭ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বিভাগভিত্তিক সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়; ১৫ হাজার ৭১৮ জন।
আর কম রংপুরে; ৪১৮ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪ হাজার ৩৭৩, বরিশালে ৩ হাজার ৩৬, চট্টগ্রামে ৬ হাজার ৫৫৫, ময়মনসিংহে ৫৫৭, সিলেটে ১ হাজার ৫১৪ এবং খুলনা বিভাগে ৩ হাজার ২৮৮ জন হাম রোগীর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগভিত্তিক হামে মৃত্যুও বেশি ঢাকাতে; ১৪১ জন। অন্যদিকে রংপুরে মারা গেছে চারজন, যা বিভাগ অনুযায়ী সবচেয়ে কম। এ ছাড়া রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৭৮, ২৯, ২৯, ২৭ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে ২৪ এবং খুলনা বিভাগে ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম উপসর্গে আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ হাজার ৯৮০ জন ভর্তি হয়েছে। যাদের মধ্যে ৩১ হাজার ৯৯২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
টিএ/